সাইবেরিয়ায় প্লেগের প্রাদুর্ভাবের শঙ্কা; রাশিয়াকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: আল জাজিরা
0

রাশিয়ার সাইবেরিয়ায় মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগের প্রাদুর্ভাবের আশঙ্কায় দেশটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আমরা কেবলই এটি সম্পর্কে জেনেছি।’ তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা না হলেও মস্কোকে মার্কিন সহায়তা দিতে ওয়াশিংটন প্রস্তুত। ট্রাম্প আরও বলেন, ‘এটি এমন একটি রোগ যা একসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। তবে অনেক অগ্রগতির পরও জীবাণুগুলো আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে... যাদেরই এ ধরনের সমস্যা হবে, আমরা তাদের সাহায্য করব।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি নিয়ে বলেন, ‘আমি মনে করি না এটি এখনই কোনো বড় আতঙ্কের কারণ, তবে অবশ্যই নিবিড় মনোযোগ ও নজর রাখার মতো বিষয়।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাধারণ জনগণের জন্য এ সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি বেশ কম বলে প্রতীয়মান হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সঠিক তথ্য প্রকাশের জন্য রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে সাইবেরিয়ার প্রত্যন্ত ইরকুতস্ক অঞ্চলের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটের ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা (২৮) নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ তৈরি হয়। এ ঘটনায় একটি হাসপাতাল অবরুদ্ধ করার পাশাপাশি প্রায় ২০০ জনকে চিকিৎসাগত পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও রাশিয়ার স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপোট্রেবনাদজর দাবি করেছে, ওই নারী অজ্ঞাত কারণের নিউমোনিয়ায় মারা গেছেন এবং তার নমুনায় গবেষণাগারের কোনো জীবাণুর উপস্থিতি মেলেনি।

ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট নিউমোনিক প্লেগ সরাসরি ফুসফুসকে আক্রমণ করে এবং আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে নির্গত ড্রপলেটের সাহায্যে এটি দ্রুত ছড়ায়। দ্রুত অ্যান্টিবায়োটিক দেয়া না হলে এক থেকে ছয় দিনের মধ্যে আক্রান্ত রোগীর মৃত্যু হতে পারে।

এএম