মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো | ছবি: রয়টার্স
0

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করার আদেশে সরকারের চাপের মুখে সই করতে বাধ্য হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো। তার এই বক্তব্য প্রকাশের পর মাচাদোর ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বারবারা সিজার সিয়েরো। তিনি জানান, মাচাদোকে নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশে সই করানোর জন্য ২০২৩ সালের ডিসেম্বরে তার দুই ভাই ও ভাবিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই সামরিক বাহিনীর সদস্য ছিলেন। ৫১ বছর বয়সী এই সাবেক বিচারপতি বলেন, ‘আমি মনে মনে ভেবেছিলাম, হয়তো সই করলে তারা আমার পরিবারকে মুক্তি দেবে... কিন্তু সই করার পরও তাদের আটকে রাখা হয়েছিল।’

২০২৩ সালে বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মাচাদোর। তবে বিচারিক নিষেধাজ্ঞার কারণে তিনি প্রার্থী হতে পারেননি। পরবর্তীতে তার দল ভেন্তে কূটনীতিক এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ২০২৪ সালের জুলাইয়ের বিতর্কিত নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলেও বিরোধীরা এতে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে এবং আন্তর্জাতিক মহলের বড় অংশ এই ফল প্রত্যাখ্যান করে। পরবর্তীতে গত জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী এক অভিযানে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়।

সাবেক বিচারপতির এই স্বীকারোক্তির পর মাচাদোর দল ভেন্তে অবিলম্বে তার ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে দলটি জানায়, বিচারকের পরিবারকে জিম্মি করে এই বেআইনি সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বারবারা সিজার সিয়েরো জানান, পরিবারের সদস্যদের আটকের পর তার কাছে মাচাদোর নিষেধাজ্ঞাসহ ৯টি আদেশে সই নেয়ার জন্য আনা হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদুরোকে হত্যার ষড়যন্ত্রের বানোয়াট অভিযোগ আনা হয়েছিল। তার এক ভাই এখনো কারাগারে বন্দি রয়েছেন এবং অন্য ভাই ও ভাবি বিচারিক নজরদারিতে মুক্ত আছেন।

ভেনেজুয়েলার বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালে মাদুরোর বিজয় ঘোষণা পুরোপুরি বেআইনি ছিল। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ কোনো কাজে আসবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আইন যেভাবে লেখা আছে, কোনো হস্তক্ষেপ ছাড়াই সেভাবে প্রয়োগ করতে হবে।’

—এএফপির প্রতিবেদনে অবলম্বনে

এএম