বিচ্ছিন্নতা নয়, কানাডার সঙ্গেই থাকার পক্ষে জনমত

কানাডা
কানাডা | ছবি: সংগৃহীত
0

গণভোটে রায় আসবে কানাডার সঙ্গে থাকার পক্ষেই। আভাস, সিবিসি নিউজের বুথফেরত জরিপে। অটোয়ার প্রতি অসন্তোষ থাকলেও বিচ্ছিন্ন হওয়ার পক্ষে নয় অনেকেই। কিন্তু তেলসমৃদ্ধ প্রদেশটিতে বৃহত্তর স্বায়ত্তশাসন, এমনকি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিতর্ক এখানেই শেষ হচ্ছে কি?

আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ কানাডার চতুর্থ বৃহৎ প্রদেশ, আলবার্টা। ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে এগিয়ে অর্থনীতেও।

জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির ১৫ শতাংশের বেশি অবদান রাখা সত্ত্বেও, অর্থনৈতিক বঞ্চনা, রাজনৈতিক বিচ্ছিন্নতা আর কেন্দ্রীয় সরকারি নীতিমালা নিয়ে হতাশার কারণে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে বৃহত্তর স্বায়ত্তশাসন, এমনকি কানাডা থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিও নতুন নয়। বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, অর্ধকোটি অধিবাসীর প্রদেশটির প্রতিফলন নেই কেন্দ্রীয় পার্লামেন্টে। তবে শেষ পর্যন্ত ইস্যুটি কতদূর গড়াবে, সেটাই নির্ভর করছে সোমবারের গণভোটের ফলের ওপর।

ভোটারদের একজন বলেন, ‘আমি আলবার্টার অধিবাসী হিসেবে গর্বিত এবং হ্যাঁ, আজ ভোট দিতে পেরে আমি গর্বিত।’

সিবিসি নিউজের বুথফেরত জরিপে আভাস, গণভোটে রায় আসবে কানাডার সঙ্গে থাকার পক্ষেই। ইলেকশন্স আলবার্টার অনানুষ্ঠানিক ফল বলছে, ১০ লাখের বেশি ভোট গণনায় প্রদেশটির ৭৭ শতাংশ ভোটার কানাডার সঙ্গে থাকার পক্ষে। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রদেশ দখলের হুমকির মধ্যে, গণভোটের এমন ফল নতুন গতি দেবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে।

আরও পড়ুন:

ভোটারদের অন্যআরেকজন বলেন, ‘আমার জন্য ভোট দেয়া খুব গুরুত্বপূর্ণ। আমি আলবার্টার অধিবাসী, কিন্তু আমি একজন কানাডিয়ানও। আমি মনে করি, পরিস্থিতি এতদূর গড়ানোই উচিত হয়নি। কানাডায় থাকার পক্ষে ভোট দিচ্ছি। এটাই গুরুত্বপূর্ণ। আমরা মিলেমিশে থাকতে পারি। আমরা বিশ্বের সেরা দেশ। বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে কাজ করতে হবে আমাদের।’

এই ভোট স্বাধীনতার প্রশ্নে সরাসরি গণভোট না হলেও, কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে তেলসমৃদ্ধ আলবার্টার জন্য ভবিষ্যতে সরাসরি ভোটের দিকে যাওয়ার সূচনা হতে পারতো এর মাধ্যমে। চূড়ান্ত ফল ঘোষণার পরই জানা যাবে, আলবার্টার বৃহত্তর স্বায়ত্তশাসন, এমনকি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিতর্ক এখানেই শেষ হচ্ছে কি না।

বিশ্বে তেলের চতুর্থ বৃহৎ প্রমাণিত মজুত আলবার্টা রক্ষণশীলদের ঘাঁটি। কানাডার অন্যান্য অঞ্চলের তুলনায় আলবার্টার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ঐতিহাসিক সাদৃশ্য যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের। আর্থ-রাজনৈতিক কারণে অটোয়ার প্রতি আলবার্টাবাসীদের অসন্তোষ থাকলেও বিচ্ছিন্ন হওয়ার পক্ষে নয় অনেকেই।

এফএস