সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকসান্দর গানঝা বলেন, ‘দিনিপ্রোতে রুশ হামলায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।’ দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর জানায়, একটি জেটচালিত রুশ ড্রোন সরাসরি রেলস্টেশনের প্ল্যাটফর্মে আঘাত হানে। ওই সময় সেখানে দিনিপ্রো-জাপোরিঝঝিয়া রুটের ৮৬৬ নম্বর যাত্রীবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল।
হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় হামলাকে ভয়ানক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘রুশ বাহিনী এমন একটি প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে যেখানে নিয়মিত কমিউটার ট্রেন ও সাধারণ যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ এ ঘটনাকে চরম ট্র্যাজেডি উল্লেখ করে জানান, একটি বেসামরিক ট্রেনের ওপর ড্রোনটি আছড়ে পড়ে।
ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেকসান্দর পের্তসভস্কি জানান, হামলার আগে স্টেশন এলাকায় উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছিল। তবে সতর্কতা সত্ত্বেও প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের রেল নেটওয়ার্কে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে মস্কো। দূরপাল্লার যাতায়াত ও সামরিক রসদ পরিবহনে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার ওপর হামলায় এ পর্যন্ত শত শত লোকোমোটিভ ধ্বংস এবং বহু রেলকর্মী নিহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





