পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। আজ দুপুরে বিচারক আব্দুল্লাহ আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।
আরও পড়ুন:
এর আগে গত মঙ্গলবার দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লার সদর কোর্টের বিচারকের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
অন্যদিকে গত ৬ এপ্রিল এই মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।





