পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

পাউরুটি উৎপাদনে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাজারজাত করা পাউরুটির প্যাকেটে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়েছেন আদালত।

আজ (সোমবার, ১০ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিএসটিআই মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংশ্লিষ্ট বেকারি ও বিস্কুট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। তাকে সহযোগিতা করেন আইনজীবী জাহিদ তালুকদার।

আদেশের পর আইনজীবী সঞ্জয় মণ্ডল জানান, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধ এবং বাজারজাতকরণের সময় প্যাকেটে এ রাসায়নিক ব্যবহার না করার ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

আরও পড়ুন:

এর আগে, গত ২৬ জুলাই মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ) জনস্বার্থে এ রিট দায়ের করে। সংগঠনটির চেয়ারম্যান কবীর আলমগীরের পক্ষে রিটে পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, ২০২১ সালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। এসব নমুনায় রাসায়নিকটির মাত্রা ছিল ৩ দশমিক ৩১ থেকে ১২ দশমিক ৯১ পিপিএম।

পরীক্ষার ফলাফলের পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট ব্যবহার নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে।

রিট আবেদনকারীদের দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের আশঙ্কা রয়েছে। তাদের ভাষ্য, রাসায়নিকটি মানবদেহের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন:

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সংগ্রহ করা কিছু পাউরুটির নমুনাতেও পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানা গেছে।

এছাড়া ২০২৫ সালে পরীক্ষিত তিনটি নমুনায় ক্যালসিয়াম প্রোপিওনেটের উপস্থিতিও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এসব ঘটনায় পাউরুটি ও বেকারি পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রিটে আরও বলা হয়, দেশে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে পরিচালিত বিভিন্ন বেকারিতে স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করেই পাউরুটি উৎপাদনের অভিযোগ রয়েছে। এ অবস্থায় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় পাউরুটিতে ব্যবহৃত উপাদান সম্পর্কে স্পষ্ট তথ্য দেয়ার দাবি জানানো হয়েছে।

এনএইচ