‘ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যে নিহতদের মরদেহ উদ্যোগ নেবে সরকার’

আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
1

ইরান- ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যে নিহতদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সরকার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথাও ভাবছে বলেও জানিয়েছেন তিনি।

আজ (রোববার, ৮ মার্চ) মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জন্মস্থান মৌলভীবাজারে গিয়ে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ যুদ্ধ প্রক্রিয়া স্বাভাবিক ও ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথাও ভাবছে সরকার।’

তিনি বলেন, ‘ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশ নাগরিকদের ফেরত আনার প্রক্রিয়া করা হবে।’

আরও পড়ুন:

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দেয়ার জন্য সরকার নির্দেশ দিয়েছে। আজও এ ব্যাপারে ছয়টি টিম বিভিন্ন স্থানে কাজ করছে।’

তিনি বলেন, ‘বিদেশের মাটিতে যেসব প্রবাসী বাংলাদেশি বর্তমানে কর্মহীন বা অবরুদ্ধ অবস্থায় আছেন, তাদের বিষয়ে সরকার অত্যন্ত সজাগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে সংকটের এই সময়ে তারা খাদ্য বা অন্য কোনো মানবিক সমস্যায় না পড়েন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং আন্তর্জাতিক বিমান রুটগুলো বন্ধ থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের সরিয়ে আনার বিষয়েও সরকার মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

মন্ত্রী এর আগে জেলা সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি শ্রীমঙ্গলে বরুণার আলেমেদীন মুফতি রশিদুর রহমান ফারুকী সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এসএস