দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকেই প্রত্যাহার: সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম
সড়কমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত
0

দূরপাল্লার বাস ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার, ১৪ মার্চ) রাত থেকে আর থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রাত থেকেই দূরপাল্লার বাস ও গণপরিবহনগুলো পর্যাপ্ত তেল পাবে। ফলে পরিবহন চলাচলে আর কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না।’

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাবের কারণে দেশে জ্বালানি সরবরাহে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আরও পড়ুন:

ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নেয়া যাচ্ছিলো। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লিটার তেল সরবরাহের অনুমতি ছিলো।

এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পেত। পিকআপ বা লোকাল বাস দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারতো। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেয়া হচ্ছে। যদিও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এখনো নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে।

এসএইচ