সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

আজ (বুধবার, ১৮ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, সৌদি আরবের আলখারজ এলাকায় গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে দগ্ধ হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি গুরুতর আহত অবস্থায় রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:

পরবর্তীতে গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহ এর গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার পিতার নাম শহিদুল ইসলাম।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন।’

তিনি বলেন, ‘নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।’—বাসস

এসএস