তেলের সরবরাহ সব সময় থাকবে, প্রয়োজনের বেশি নেবেন না: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
1

জ্বালানি তেলের সরবরাহ সবসময় থাকবে জানিয়ে জনগণকে প্রয়োজনের তুলনায় বেশি তেল না নেয়ার জন্য আহ্বান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছরের থেকে ২৫ শতাংশ বেশি আমদানি বাড়িয়েছি এবং পেট্রোল পাম্পেও আমরা তেল ডেলিভারি দিয়ে যাচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন। তাদের যাদের যা প্রয়োজন, তার চেয়ে বেশি তেল না নেয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো।’

দেশে তেলের মজুত কী পরিমাণ আছে এবং নির্দিষ্ট কোনো মজুত আছে কি না এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, ‘আসলে তেলের মজুদটা তো এভাবে থাকে না—তেল আসে ও যায়। সুতরাং আমি যেটা বললাম, আমরা সরবরাহ করছি, ২৫ শতাংশ বেশি। শুধু গত দুই দিন বন্ধ ছিল সেজন্য একটু পেট্রোল পাম্প কিছু বন্ধ ছিল। এখন তো আবার শুরু হয়ে গেছে। গত দুই দিন তো ছুটির দুইদিন অর্থাৎ ঈদ ও ঈদের পরের দিন।’

ছুটির পর স্কুল-কলেজ খুলে যাওয়ার কথা থাকলেও এ ব্যাপারে অনলাইন ক্লাসের বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে চিন্তাভাবনা করছি। এ নিয়ে আমরা কেবিনেটে আলোচনা করবো। যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা আমরা জানিয়ে দেবো।’

আরও পড়ুন:

হরমুজ প্রণালিতে তেল আনার ক্ষেত্রে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে এ প্রশ্নের মন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশের সমস্যা হচ্ছে তা না, সব দেশেরই সমস্যা হচ্ছে। এখন কোন জাহাজটা আমেরিকান, সেগুলো চেক করতে হবে। এখানে কেস টু কেস পারমিশন নিতে হয়। সুতরাং সমস্যা তো আছেই। ন্যাচারাল ফ্লো আর পারমিশন নিয়ে চলার মধ্যে তফাৎ আছে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জনগণের উদ্দেশে বলেন, ‘জনগণকে বলবো তেল সরবরাহ চলতেছে, আপনারা তেল পাবেন। আপনারা একটু সাশ্রয়ী হন। সাশ্রয়ী হতেই হবে। এটা দেশের স্বার্থে, পুরো পৃথিবীর একটা সমস্যা রয়েছে। আমরা দাম বাড়াইনি। আমরা ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়েও আমরা তেল সরবরাহ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশের দিকে তাকালে হবে না, আমাদের আশেপাশে যেসব প্রতিবেশি রাষ্ট্র আছে তাদের দিকে তাকাতে হবে, তারা কী মেজার নিয়েছে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল এমনকি থাইল্যান্ড—প্রত্যেকেই ব্যবস্থা নিয়েছে, প্রত্যেকেই তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমরা তেলের দাম বাড়াইনি। আমরা সরবরাহ কমাইনি, আমরা সরবরাহ করে যাচ্ছি।’

আরও পড়ুন:

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘আমি জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে একটা আহ্বান করবো যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাবো। যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাবো।’

গত দু’দিন ঈদের ছুটির জন্য ডিপোগুলো বন্ধ ছিল বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, ‘সেখানে গত বছরের চেয়ে কিন্তু এই বছর আমরা ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করছি। গত দুই দিন—ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল। সেজন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো, আপনারা প্যানিকড হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই নেন। আশা করি আমাদের তেলের সরবরাহ সবসময় থাকবে, সবসময় পাবেন। প্রয়োজনের বেশি তেল নিলে, স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। সেজন্যই সবার সচেতন হওয়া দরকার। এটাতো বাংলাদেশ সরকারের একার সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা।’

জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘জনগণের কাছে বলবো আপনারা প্যানিকড হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নিবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করার দিন-রাত চেষ্টা করছি। আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। স্পট মার্কেট থেকে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি।’

এসএস