সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করলো ইসি

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: এখন টিভি
0

আগামী ১২ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। সে লক্ষ্যেই আজ (বুধবার, ৮ এপ্রিল) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘গত ৬ এপ্রিল কমিশনের সভায় এ-সংক্রান্ত আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ তফসিল ঘোষণা করা হলো। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে দাখিল করতে হবে।’

তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা রাখেন, তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। এছাড়া চারজন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি সচিব জানান, ‘বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০।’

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন; তারা কোনো জোটে নেই।

এসময় শেরপুর ও বগুড়ার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে। আশা করি, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।’

এনএইচ