দৌলতদিয়ায় পদ্মায় পড়লো বাস: তদন্তে ৭ সদস্যের কমিটি

পদ্মায় বাস পড়ার দৃশ্য
পদ্মায় বাস পড়ার দৃশ্য | ছবি: সংগৃহীত
0

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ (শুক্রবার, ৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্টদের দায় নিরূপণ এবং প্রতিরোধমূলক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (দৌলতদিয়া ফেরিঘাট), বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

আদেশে আরও বলা হয়, প্রয়োজনে কমিটি অন্য সদস্য কো-অপ্ট করতে পারবে এবং সরেজমিন তদন্ত শেষে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই অধিকাংশ যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে বাসটি নদী থেকে তোলা হয়।

এসএস