আজ (বুধবার, ১ জুলাই) রাজধানীতে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সরকারি বাসভবনে হোলি আর্টিজান বেকারি সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে নিহতদের স্মরণে স্মরণসভা আয়োজন করে ঢাকাস্থ ইতালি দূতাবাস।
এসময় ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্জন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নিহতদের স্বজন এবং হলি আর্টিজানে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিম্মিরা। মর্মান্তিক এ ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক অনুষ্ঠানে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানের নাগরিক, ১ জন ভারতের নাগরিক, পুলিশসহ ৩ জন বাংলাদেশের নাগরিক।
এর মধ্যে একজন বাংলাদেশি বংশ্মভূত আমেরিকান নাগরিক ছিলেন। এ হামলা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছিল। ১০ বছর পরও, নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয় এ স্মরণসভায়।





