ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি | ছবি: সংগৃহীত
0

বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকের পর আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এ লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।’

বিদেশি বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিদেশিরা ইনভেস্ট করতে এলে আমরা নানানভাবে লাভবান হবো, এজন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি। এসব বিষয়ে সার্বিকভাবে ৫টি ভিন্ন আলোচনা হয়েছে।’ তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন:

ভিসা পলিসি-২০২৬ প্রণয়নের উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পলিসির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধরেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেগুলো হলো— বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা।

২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে এ মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়। এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।—বাসস

এসএইচ