আজ (শুক্রবার, ১০ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকবৃন্দ দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।





