পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট
0

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।’

আরও পড়ুন:

তিনি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি কার্যক্রমের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মীর শাহে আলম এসময় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের নেতৃত্বে দুই সদস্যের একটি গবেষক দলকে ঢাকা মশক নিবারণী দপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বারো সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরও বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

এসএইচ