রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম
বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম | ছবি: সংগৃহীত
0

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সিটিটিসি।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাব উদ্দিন ও হাজেরা আক্তার ঋতু।

আজ (সোমবার, ২৭ জুলাই) সংবাদ সম্মেলন করে সিটিটিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

জেআর