আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়।
আলোচনায় বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সনদ, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া মাছ, মাংস, দুধসহ অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার সুসম্পর্ক কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।’
তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া আগ্রহী।’ পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।





