প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণের মানুষ হওয়ায় আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে যেসব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চল, যারা সাগরপাড়ের বাসিন্দা, সেই এলাকাগুলোয় ঝুঁকির মধ্যে আমাদের জনগোষ্ঠী থাকবে।

আজ (রোববার, ৯ আগস্ট) সকালে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ। প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যেই সারা দেশে এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে।’

তথ্যমন্ত্রী এসময় বন বিভাগের যেকোনো উদ্যোগকে সহায়তা দেয়ার আশ্বাস দেন। পাশাপাশি বৃক্ষায়ণ সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে বলে জানান।

এসময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর