শ্রমিকদের কল্যাণ নিশ্চিত ও সামাজিক নিরাপত্তা জোরদার সরকারের অন্যতম লক্ষ্য: শ্রমমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা অনুষ্ঠিত | ছবি: সংগৃহীত
0

শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ-দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক লক্ষ্য—এমনটা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (রোববার, ৯ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় এ কথা জানান তিনি। পরে মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় মন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থার চাকা সচল রাখতে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী ভাই-বোনেরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই আজ আমাদের উন্নয়ন পথপরিক্রমা ত্বরান্বিত হচ্ছে।’

তিনি বলেন, ‘কোনো শ্রমজীবী মানুষ যেন বিপদে নিঃসঙ্গ বোধ না করেন এটাই আমাদের লক্ষ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিক ভাই-বোনদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে আমরা একটি সুষম, কর্মবান্ধব ও শোষণে মুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

এ বোর্ড সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মোট ২ হাজার ১৯৯ জন শ্রমিক ও তাদের পরিবারকে বারো কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয় এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য আটষট্টি কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ