বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। যারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খোঁজখবর রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকারসহ জাতীয় সংসদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়, বরং তা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’ দীর্ঘ সময় পর সংসদে ফিরতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। অধিবেশন শুরুর এক দিন আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি।
প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে পরদিনই জাতীয় সংসদে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মির্জা আব্বাস।





