এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায় খতিয়ে দেখার নির্দেশ

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: সংগৃহীত
0

দেশের কোথাও এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে এলপিজি বিক্রি করা হতে পারে। স্বাভাবিক সরবরাহের মধ্যেও কেনো সংকটের কথা শোনা যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কি না, তা তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।’

জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। কোনো এলাকায় সরবরাহ কম থাকলে সেখানে সরবরাহ বাড়াতেও পদক্ষেপ নেয়া হবে।

ইকবাল হাসান মাহমুদ সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট তৈরি করা হলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সতর্ক ও সজাগ থাকার নির্দেশও দেন জ্বালানি মন্ত্রী।

এএইচ