অবৈধ উপায়ে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত
0

অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ আমাকে আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে এক কোটি জনশক্তি বিদেশে প্রেরণের যে পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক পাঠাবে না। বিশ্বের সব দেশ যেন বুঝতে পারে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন এবং হুন্ডির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘সবাইকে আহ্বান জানাই, আমরা আর অবৈধ পন্থায় বিদেশে যাব না। এতে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হয়। আমরা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাব না এবং যে দেশে গমন করবো, সে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলব। গুটিকয়েক মানুষের অপকর্মের জন্য যেন পুরো দেশের বদনাম না হয়।’

আরও পড়ুন: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম

প্রতারকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘যারা দেশে কিংবা বিদেশে থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তারা যদি অবিলম্বে এসব অপকর্ম থেকে সরে না আসেন, তবে আপনাদের পরিণতি হবে অত্যন্ত খারাপ। সবাইকে আইনের আওতায় আনা হবে।’

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা সঠিক ও সৎ পথে ব্যবসা পরিচালনা করুন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। তবে অহেতুক ব্যক্তিগত স্বার্থে যারা কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেবে, তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএস