২৫ হাজার টন চাল আমদানি করা হয়েছে: খাদ্যমন্ত্রী

কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী  আমিন উর রশিদ
কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ | ছবি: এখন টিভি
4

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশে যত রকমের খাদ্য প্রয়োজন তা সরকারের গোডাউনে মজুদ আছে। এরইমধ্যে দেশে আরও ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে, চালের গুণগত মান ঠিক না থাকলে তা ফেরত দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের শিমপুর স্কুল মাঠে প্রধানমন্ত্রীর দেয়া চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যে পরিমাণ কৃষক রয়েছে, তারা যদি কৃষিপণ্য উৎপাদন করেন, তাহলে দেশের বাইরে থেকে আমদানি করার দরকার হবে না।’

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘কৃষিই দেশের অর্থনীতির মূলভিত্তি। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে।’

তিনি আরও বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কৃষি খাতে প্রণোদনা, সহায়তা এবং ঋণ সুবিধা সহজীকরণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।’

আরও পুড়ুন:

তিনি বলেন, ‘এ দেশ থেকে রপ্তানি করা সম্ভব। কৃষকদের ন্যায্যমূল্য দিলে দেশে আরও অধিক পরিমাণ ফলন উৎপাদন করবে দেশের কৃষকরা।’

এসময় ৮০০ পরিবারে মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান, জেলা পুলিশ সুপারসহ জেলা খাদ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেআর