গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসিরুদ্দীন পাটওয়ারী
নাসিরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটি গেরুয়া পতাকা। সেই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি শক্তি না থাকে, তাহলে এই পতাকা ঠেকানো কঠিন হবে।

আজ (শুক্রবার, ৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন এবং সাধারণ মানুষও নানা কষ্টের মধ্যে ছিলেন।’

তিনি সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।’

বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

এর আগে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই মসজিদে জুমার নামাজ আদায়ের ঘোষণা দেন নাসিরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মসজিদে পৌঁছালে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে মসজিদ প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তার অনুসারীদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এসময় মসজিদের পেছনের ফটকের কাঁচের গ্লাস ভেঙে অন্তত পাঁচ মুসল্লি আহত হন।

কাঁচের টুকরোয় কয়েকজনের হাত-পা কেটে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে মসজিদের ফ্লোরে রক্তের দাগও দেখা যায়।

মসজিদের খাদেম মিজানুর রহমান বলেন, ‘হুড়োহুড়ি করে ফটকের কাঁচ ভেঙে ফেলেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। মসজিদের শৃঙ্খলা বজায় রাখা হয়নি।’

একাধিক মুসল্লি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির কারণে মসজিদের পরিবেশ বিঘ্নিত হয়েছে। অনেক মুসল্লি সুন্নত নামাজ আদায় করতে পারেননি বলেও জানান তারা।

এসএস