ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বেসরকারি হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
সরকার গঠনের দ্বারপ্রান্তে দাড়িয়ে আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘এ বিজয় বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। ভোট নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ বিএনপিকে নিয়ে নয়, কর্মকর্তাদের নিয়ে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের মাধ্যমে, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের কর্মপরিকল্পনা দেশের জনগন জানতে পেরেছে এবং জনগণ সেই অনুযায়ী আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়ুন:
এদিকে চট্টগ্রামে বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের সামস্টিক অর্থনীতি ও রাজনীতি নাজুক অবস্থায় আছে। এ বিজয়কে জনগণ বিএনপিকে কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘এ আস্থাটা বহন করা খুবই কঠিন এবং দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা খুবই কঠিন অবস্থায় আছে। দেশের জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং আমি মনে করি, জনগণ যে আমাদের প্রতি আস্থা রেখেছে এ দায়িত্ব বহন করা খুবই কঠিন। আমারা কীভাবে জনগণের আস্থা ও তাদের প্রতি দায়িত্ব পূরণ করবো, সেটাই হচ্ছে বড় কথা। এটা বিজয় না, এটা জনগণের আস্থা মনে করে কাজ করবো।’
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপির ইশতেহার ও সংস্কারের পক্ষে অবস্থান করায় জনগণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।’ এসময় ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরই মধ্যে জনগণ তাদেরকে রিজেক্ট করেছে, আর বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সরকারও গঠন করবো।’





