আজ থেকে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। ৮ জিলহজ ইহরাম বেঁধে জোহরের আগে মক্কা থেকে মিনায় পৌঁছাবেন হাজিরা। মিনায় ৯ জিলহজ - ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত।
এরই মধ্যে মিনায় আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। তাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত মিনা। অতিরিক্ত তাপমাত্রায় যাতে ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না পান সেজন্য আছে উপর থেকে পানি ছিটানোর ব্যবস্থাও।
আরও পড়ুন:
৮ জিলহজ মিনায় অবস্থানের পর ৯ জিলহজ আরাফার ময়দানে সমবেত হবেন হাজীরা। সেখানেই শুনবেন হজের খুতবা। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থেকে যেতে হবে মুজদালিফায়। সেখানে পৌঁছে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাত্রীযাপন করবেন হাজিরা। ১০ জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তবে বয়স্ক ব্যক্তি এবং নারীরা চাইলে রাতেই পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন।
এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পরই পশু কোরবানি দেবেন হাজিরা।
মাথা মুণ্ডনের পর হজের ফরজ তাওয়াফ করে সাফা-মারওয়া সায়ি করবেন। এরপর ১১ ও ১২ জিলহজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় সাতটি করে ২১টি কঙ্কর নিক্ষেপ করা হবে। তারপর মিনা থেকে মক্কায় গিয়ে বিদায়ি তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ।





