অভিজাত ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী আর ফকিরেরপুলের অপেক্ষাতেই কি হতে পারে সূচি বিপর্যয়? কয়েক সপ্তাহ ধরে দেশের ফুটবল নিয়ে এমন শঙ্কার কথাই জানিয়েছিলো এখন টিভি। আর তার সত্যতাও মিললো অবশেষে। ক্লাবগুলোর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, তিন সপ্তাহ পেছাচ্ছে ২০২৬-২৭ মৌসুমের লিগ সূচি।
ফিফার নিষেধাজ্ঞা থেকে আবাহনী মুক্তি পেলেও আটকে আছে বসুন্ধরা কিংস আর ফকিরেরপুল ইয়াংমেন্স। তাদেরকে আরও কিছুটা ছাড় দিচ্ছে দেশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তাতে শুরুর আগেই হোঁচট খেয়েছে ২০২৬-২৭ মৌসুমের সূচি।
লিগ ইস্যুতে ক্লাবগুলোর কাছে পাঠানো বাফুফের চিঠি হাতে পেয়েছে এখন টিভি। তাতে বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের লিগ মৌসুম। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা।
আরও পড়ুন:
তার আগে চলতি মাসের ২৮ তারিখের মধ্যেই শেষ করতে হবে ফিফার সঙ্গে যাবতীয় লেনদেন। আর প্রাথমিক সূচিতে ফেডারেশন কাপ আগে শুরুর কথা থাকলেও নতুন সূচিতে আসছে পরিবর্তন।
লিগ শুরুর ৪ দিন পর ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফেড কাপের আসর। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং গোপালগঞ্জের পাশাপাশি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে ঘরোয়া এই প্রতিযোগিতার ম্যাচ।
তবে সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডো থাকায় শুরুতেই ক্লাবগুলো পাচ্ছে না তাদের জাতীয় দলের তারকাদের। ৬ অক্টোবরের পর ক্লাবে যুক্ত হবেন তারা। আর এতসব পরিবর্তনের মাঝেও অবশ্য দলবদলের সময় বাড়ছে না। ৩ সেপ্টেম্বরেই শেষ হচ্ছে ট্রান্সফার উইন্ডো।




