অধিনায়কত্ব হারানোর পর রান করতে ভুলে গেছেন শান্ত!

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত | ছবি: এখন টিভি
0

অধিনায়কত্ব হারানোর পরেই কি রান করতেও ভুলে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত? গত বছরের শুরুতে ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় শান্তকে। এরপর থেকেই বড় রানের দেখা পাননি শান্ত। যার ফলে ভুগেছে দলও। শান্তর জন্য তবে কি অধিনায়কত্বটাই উপভোগের?

নয় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে করেছেন ১৫৭ রান। গড় ১৭ দশমিক ৪৪। ২০২৫ সালের জুলাই থেকে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সের চিত্রটা এমনই। ওয়ানডেতে দুই বছর আগেও রানের ফোয়ারা ছিল শান্তর ব্যাটে। কিন্তু ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরেই যেন নিভে গেল সেই ক্ষুরধার ফর্ম। সবশেষ পাকিস্তান সিরিজে ৪৪ রানের ইনিংসটাই এসময়ে তার সর্বোচ্চ।

অধিনায়ক হিসেবে ১৩ ইনিংসে এক সেঞ্চুরি এবং চার ফিফটি করেছেন শান্ত। যার অর্থ প্রতি তিন ইনিংসের কমে একবার করে ফিফটির ল্যান্ডমার্ক পেরিয়েছিলেন এই টপঅর্ডার ব্যাটার। গড় ছিল ৫১ দশমিক ২৭। স্ট্রাইকরেট ৮১ এর বেশি। অথচ অধিনায়কত্ব ছাড়া শান্তর গড় ২৫ দশমিক ৯৭। আর শেষ নয় ম্যাচে সেটা নেমে এসেছে সাড়ে ১৭-এর নিচে।

আরও পড়ুন:

অধিনায়ক শান্তকে খুব কাছ থেকেই দেখেছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। শান্তর ফর্ম এবং ক্যাপ্টেন্সির যোগসূত্র ঠিক কতটা, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

হান্নান সরকার বলেন, ‘তাকে কাছে থেকে দেখেছি, ক্যাপ্টেন্সিটা খুব এনজয় করে। ক্যাপ্টেন্সি না করলে যে সে পারফর্ম করবে না, ব্যাপারটা তা না। কিন্তু ক্যাপ্টেন্সিটা থাকলে তার যে বডি ল্যাংগুয়েজ, অ্যাটিটিউট, প্রতিটি জায়গায় আলাদা একটা চার্ম বা ইন্সপেরশন দেখা যায়। সেটার বাইরে নিশ্চিতভাবেই সে পারফর্ম করতে চায়। সে চেষ্টা করছে।’

আরও পড়ুন:

অবশ্য শান্ত খুব শিগগিরই রানের ধারায় ফিরবেন এমন বিশ্বাসও আছে তার।

হান্নান সরকার বলেন, ‘অনেক সময় একটা ব্যাটসম্যানের কিন্তু খারাপ সময় যায়। অনেক খেলোয়াড়রাই কিন্তু ছয় মাস বা এক বছর অফ ফর্মে চলে যায়। এরকম হয় আবার ফিরে আসে। ভিরাট কোহলির মতো খেলোয়াড়কে আমরা দেখেছি তিন বছরে ১০০ ছাড়া।’

সবশেষ পাকিস্তান সিরিজে শান্তর ব্যাটে রানের আভাস দেখা গিয়েছে, সেটাই এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।

এসএস