সবশেষ এক-দেড় বছরে ক্রিকেটের ড্যামেজ হয়েছে, রেপুটেশন নষ্ট হয়েছে: তামিম ইকবাল

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি: এখন টিভি
1

সবশেষ এক থেকে দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের ড্যামেজ (ক্ষতি) হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের (মর্যাদার) ড্যামেজ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সদ্য গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দায়িত্ব পেয়েই রাতে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা আয়োজন করেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাবেক এই অধিনায়ক এসব কথা বলেন।

তামিম ইকবাল বলেন, ‘আজ আমাদের খুবই অল্প সময় ছিল। আমরা এসেছি, আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি— ওটা তানজিল ভাই (বিসিবির সাবেক পরিচালক তানজিল চৌধুরী) ব্রিফ করবেন। আর প্লাস কালকে আমাদের আরেকটি বোর্ড মিটিং আছে ওটাতে যা সিদ্ধান্ত নেয়ার আমরা নেবো।’

তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের উদ্দেশে) একটা সহযোগিতা লাগবে, আমি সিওর— এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে, লাস্ট এক দেড় বছরে ক্রিকেটের যে ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে; এই জিনিসটা আমাদের সবাইমিলে ঠিক করতে হবে। কারণ আমাদের সমালোচনা থাকবে; আমরা ভালো কাজ করবো—করবো না; এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে; কিন্তু আমরা এখানে কেউই চাই না যে, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাকুক।’

আরও পড়ুন:

সব খেলোয়াড়দের সম্মান করা এই কমিটির মূল কাজ বলে উল্লেখ করেন সাবেই এই অধিনায়ক।

তিনি বলেন, ‘আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা করেন তারা যখন বাইরে যান, প্রাউডলি বলেন যে, আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি সিওর না যে, এই কথাটা তারা প্রাউডলি বলতে পারেন না কি? যে ধরনের অ্যাক্টিভিটিজ লাস্ট এক-দেড় বছরে হয়েছে। সো ওই প্রাউডনেসটা আমাদের ফিরিয়ে আনতে হবে। প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে। প্রত্যেকটা স্টেকহোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে।’

তামিম ইকবাল বলেন, ‘আমাদের “উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট”, জাস্ট কথার কথা বলা না—আমরা চেষ্টা করবো। আমাদের ভুল হবে, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে; ওই ভুল থেকে আমরা শিখবো, আবার আমরা চেষ্টা করবো। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আমরা এর চেয়ে বেশি, এখন আর কোনো কথা বলতে চাই না।’

আগামীতে বিসিবি নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কি না? সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আরও পড়ুন:

উত্তরে তামিম ইকবাল বলেন, ‘অবশ্যই, অবশ্যই আমরা ইলেকশন করবো। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি বা উনার (তানজিল চৌধুরী) ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারেন, উনার (অন্য একজনকে দেখিয়ে) ইচ্ছা নাও থাকতে পারে, উনি নাও করতে পারেন।’

তিনি বলেন, ‘আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, খালি আমরা না— যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে, সবাই অংশগ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে এটা যারা যারা আছেন বোর্ডের ক্রিকেটারস, অর্গানাইজারস, এভরিওয়ান, এভরিবডি শুড পার্টিসিপেট।’

একটা সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক এই অধিনায়ক।

তামিম ইকবাল বলেন, ‘আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা, ওই অ্যাটমোস্ফেয়ারটা ক্রিয়েট করে দেবো। যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে।’

এসএস