আগের বোর্ড অবৈধ, এনএসসির সিদ্ধান্ত সঠিক— দাবি রফিকুল ইসলাম বাবুর

রফিকুল ইসলাম বাবু
রফিকুল ইসলাম বাবু | ছবি: এখন টিভি
0

বিসিবির ভেঙে দেয়া বোর্ডকে অবৈধ দাবি করে এনএসসির সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এখন টিভিকে দেয়া সাক্ষাতকারে নতুন এই কমিটি শিগগিরই দেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন সদস্যদের নিয়ে কিছুটা সমালোচনা চললেও দোষের কিছু দেখছেন না এই ক্রীড়া সংগঠক।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে সরিয়ে অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দিয়েছে এনএসসি। দেশের ক্রিকেটমহলে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

অবশ্য এনএসসির সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এখন টিভির মুখোমুখি হয়ে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে কথা বলেছেন এই ক্রীড়া সংগঠক।

নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যেহেতু স্বাধীন তদন্ত কমিটি হয়েছে তারা এ সিদ্ধান্ত নিয়েছে এখানে আমাদের কিছু করার ছিলো না। এটা সম্পূর্ণ তদন্ত কমিটির ব্যাপার তারা কিভাবে ফাইন্ডিংস পেয়েছে, কী করেছে এটা জাতীয় ক্রীড়া পরিষদ ও তদন্ত কমিটির ব্যাপার ছিলো।’

আরও পড়ুন:

অ্যাড কমিটির ১১ সদস্যের মাঝে কয়েকজনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সমালোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। তবে এখানে দোষের কিছু দেখছেন না বাবু।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘অবশ্যই তারা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছেন। খেলাধুলাকে পছন্দ করেন। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু এখানে মুখ্য বিষয় নয়। কারণ কোনো রাজনৈতিক নেতার ছেলে বা মেয়েরা যে ক্রীড়া সংগঠক হতে পারবে না বা খেলোয়াড় হতে পারবে না এ ধরনের কোনো বিধান নেই।’

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের কিছু পরিকল্পনাও তুলে ধরেন এই বর্ষীয়ান ক্রীড়া সংগঠক।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান খুব একটা ভালো না। কারণ হলো আইসিসি টি-টোয়েন্টি আমরা বয়কট করেছি। এটা মোটেও সমীচীন হয় নি। সুতরাং এখন সবাই এগিয়ে আসবে। ক্রিকেটের যে সৌন্দর্যটা হারিয়ে গিয়েছিলো তা আবার ফিরে আসবে বলে আমরা আশা করছি।’

অ্যাডহক কমিটির দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন বিসিবি নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন রফিকুল ইসলাম বাবু।

ইএ