মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে ২১৩ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোচ সালাউদ্দিন জানালেন তার ভাবনা।
পিচে বোলারদের জন্য থাকবে বেশ কিছু রসদ। ব্যাটাররা ভালো করলে এ টেস্টেই আসতে পারে ফলাফল।
কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে বোলারদের জন্য কিছু আছে। বোলার এখান থেকে অনেক হেল্প পেতে পারে, যদি ভালো বল করে। আমার মনে হয় আমাদের ব্যাটাররা ভালোভাবে হ্যান্ডেল করছে সিচুয়েশনগুলো। আরেকটু টপ অর্ডার আরেকটু বেটার করতে পারত।’
টেস্টের ১ম দিনে টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে স্বস্তি দিয়েছেন সাদমান ইসলাম। উইকেট বুঝে ব্যাটিং, অপ্রয়োজনীয় শট এড়িয়ে ধৈর্যের পরীক্ষা সব মিলিয়ে অনেক দিন পর নিখুঁত এক ইনিংস খেলেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি বলব যে উইকেটটা খুব ভালো এসেস করছে। পুরো ইনিংসটা যদি আপনি দেখেন, সে খুব বেশি রিস্কি শট খেলেনি।
মাঝে মাঝে হয়তো আমরা অনেক সময় অনেক সময় রিস্কি শট খেলে ফেলি বা যে কোনো পিরিয়ডে আছে হয়তো আপনার টাফ টাইম আসে, ওই সময়টা হয়তো আমরা মাঝে মাঝে লুজ শট খেলে ফেলি। সে তার নিজের কন্ট্রোলে ইনিংসটা খেলছে। আমি অনেকদিন পরে তার এইরকম একটা ইনিংস দেখেছি।’
ব্যাটারদের এই উন্নতির পেছনে অবদান আছে কোচ মোহাম্মদ আশরাফুলেরও। সেই পরিশ্রমের সুফল দেখছেন সালাউদ্দিন।
তিনি আরও বলেন, ‘পুরো ক্রেডিটটা আশরাফুলের। সে লাস্ট একটা বছর ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছে এবং যদি তাদের মেন্টালিও যদি কোনো কিছু সামান্য পরিমাণ হেল্প করে থাকে বা বড় পরিসরেও হেল্প করে থাকে, এটা তাদেরকেই ক্রেডিট দেওয়া উচিত।’
দেখার বিষয় সাদমানের ব্যাটে পাওয়া আত্মবিশ্বাস কতটা ছড়িয়ে পড়ে সতীর্থদের মধ্যে। আর মিরপুরের উইকেটে বোলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিতে পারে কি না।





