বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

অটো আদ্দো
অটো আদ্দো | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে ঘানার জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করেছেন ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

জার্মানির বিপক্ষে পুরো ম্যাচে সমানতালে লড়ে গেলেও ৮৮ মিনিটে দেনিজ উনদাভের গোলে ২-১ ব্যবধানে হেরে যায় ঘানা। এ নিয়ে টানা ৪ ম্যাচ হারের মুখ দেখেছে আফ্রিকান দেশটি। জার্মানির আগে অস্ট্রিয়ার কাছেও ৫-১ ব্যবধানে হেরে গিয়েছিল ঘানা।

তার আগে হারতে হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সবমিলিয়ে ৭২ দিন আগেই ছাঁটাই হতে হলো আটো আদ্দোকে। এর আগে ২০২২ বিশ্বকাপেও তার অধীনেই অংশ নিয়েছিল ঘানা। সেবারে অবশ্য বিশ্বকাপের পরেই চাকরি হারাতে হয়েছিল তাকে।

আরও পড়ুন:

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে তিনি ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার দ্বিতীয় দফার মেয়াদে বড় ব্যর্থতা ছিলো ‘আফ্রিকা কাপ অব নেশনস’ ঘানার যোগ্যতা অর্জন করতে না পারা।

এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। তবে সেই ম্যাচে ডাগআউটে অটো আদ্দো থাকছেন না নতুন কোচের অধীনেই শুরু হবে ঘানার বিশ্বকাপ যাত্রা।

জেআর