গেলো কয়েকবছরে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের আধিপত্য চোখে পড়ার মতো। বিশেষ করে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে যেন ফাইনালে উঠা এখন ছেলের হাতের মুয়া বাংলাদেশের যুবাদের কাছে। ২০২২ এরপর ২০২৪ এবার আরও একবার ফাইনালের টিকিট কেটে শিরোপা না ছাড়ার বার্তাই যেন দিয়ে রাখলেন মোর্শেদ, রোনানরা।
সেই লক্ষ্য পূরণে মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায় মার্ক কক্সের শিষ্যদের। তবে গোল করার আনন্দে মাততে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের। ১১ মিনিটে প্রতিপক্ষকে বোকা বানিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে লিড এনে দেন মোহাম্মদ মানিক। তাতে মাঠ থেকে গ্যালারি একসঙ্গে উৎসবে মাতে সবাই।
আরও পড়ুন:
বিরতিতে যাওয়ার আগে আরও বেশ কয়েকবার আক্রমণে যায় মানিক রোনানরা। তবে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে মার্ক কক্সের দল।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া নেপালের ফুটবলাররা বাংলাদেশের উপর যথেষ্ট চাপ রাখে। তবে বাংলাদেশের ডিফেন্ডারদের সতর্ক দৃষ্টিতে কাজের কাজ কিছু করতে পারেনি নেপাল। দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে। ম্যাচের শেষ দিকে মাঠে নামালে রোনানের ভাই ডেকলান সুলিভানের অভিষেক হয় লাল সবুজের জার্সিতে। শেষ দিকে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।





