ফিফা বিশ্বকাপ মানেই নতুন কিছু। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন আসরে অংশ নিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল। ম্যাচ সংখ্যা বৃদ্ধি ও ফরম্যাট পরিবর্তনের পাশাপাশি টুর্নামেন্টের নিয়মকানুনেও আসছে বড় কিছু পরিবর্তন।
এবারের আসরে খেলোয়াড় পরিবর্তনের বাঁশি বাজলে মাঠ থেকে বের হতে সেই ফুটবলার সময় পাবেন সর্বোচ্চ ১০ সেকেন্ড। এর বেশি সময় লাগলেই শাস্তি পাবেন মাঠে নামতে যাওয়া তার সতীর্থ। যাকে বাইরে থাকতে হবে ১ মিনিট। থ্রো ইন বা গোল কিকের ক্ষেত্রেও আসছে কঠোরতা। ৫ সেকেন্ডের মাঝে খেলা শুরু না করলেও বল চলে যাবে বিপক্ষ দলের কাছে।
খেলার মাঝে আহত হলে সেই ফুটবলারকে বাইরে যেতে হবে এবং ১ মিনিটের আগে মাঠে প্রবেশ করতে পারবেন না। অবশ্য কার্ডজনিত ফাউলের ক্ষেত্রে থাকছে শিথিলতা। রেফারিদের দ্বিতীয় হলুদ কার্ড দেয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে ভিএআর। এমনকি কর্নারের সিদ্ধান্তও পর্যালোচনা করবেন তারা।
আরও পড়ুন:
রেফারির কোনো সিদ্ধান্ত অপছন্দ হলে তার সঙ্গে শুধু অধিনায়কই কথা বলতে পারবেন। এর বাইরে কেউ কিছু বললেই হলুদ কার্ড দেখানোর সুযোগ থাকছে রেফারির কাছে। অবশ্য গ্রুপ পর্ব শেষ ও কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পর দুইবার কার্ড রিসেট হবে। যার মাধ্যমে দলগুলোর পূর্ণশক্তি নিয়ে নামার সম্ভাবনা বাড়বে বহুগুণ।
টেকনোলজির দিক দিয়েও অতীতের যেকোনো আসরকে ছাড়িয়ে যাবে এবারের বিশ্বকাপ। সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি আরও নিখুঁত করতে প্রত্যেক খেলোয়াড়কে স্ক্যান করে ডিজিটাল মডেল তৈরি করা হবে। ফ্যানরাও পাবেন থ্রি ডাইমেনশনাল ভিউ। ফুটবল এআই টেকনোলজির মাধ্যমে কোচ ও অ্যানালিস্টরা পাবেন রিয়েল টাইম স্ট্র্যাটেজিক ইনসাইট।
আরও উন্নত রেফারি ক্যামের মাধ্যমে দর্শকরা পাবেন নতুন অভিজ্ঞতা। ৫০০ হার্জ মোশন সেন্সর সমৃদ্ধ ম্যাচবলের মাধ্যমে ভিএআরের সিদ্ধান্ত হবে আরও নির্ভুল। অত্যাধুনিক সব প্রযুক্তিতে আরও নিখুঁত ও উপভোগ্য আসরের অপেক্ষায় এবারের বিশ্বকাপ।





