গ্রুপসেরা হতে বাংলাদেশের নারীদের সামনে বাধা ভারত, রাতে ম্যাচ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

অনুশীলনে নারী ফুটবল দল
অনুশীলনে নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে যেতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ (রোববার, ৩১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিকদের সঙ্গে লড়বে মারিয়া-আফঈদারা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার ভারতের গোয়ায় ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে সকালে দেড় ঘণ্টার লম্বা সেশন করেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে পাসিং, ড্রিলের পাশাপাশি অনুশীলন ম্যাচও খেলেছেন মারিয়া-আফঈদারা।

অনুশীলনে সেট-পিসের ওপর দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। অনুশীলন শেষে কোচ পিটার বাটলার জানান, দলে ফিরছেন মিডফিল্ডার মনিকা চাকমা। ভারতের বিপক্ষে ম্যাচটিকে তিনি দেখছেন ফিফটি-ফিফটি চান্স হিসেবে। ম্যাচটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ বলেও মনে করেন বাটলার।

আরও পড়ুন:

বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার বলেন, ‘আপনি কার সঙ্গে খেলছেন সেটি কোনো বিষয় নয়। আপনি নেপালের সঙ্গে খেলছেন বা যার সঙ্গেই খেলছেন, আপনি তো সেমিফাইনালেই আছেন। প্রতিটি ম্যাচকে ধাপে ধাপে নিয়ে এগোতে হবে। আমি এ পরিস্থিতিতে অনেকবার পড়েছি। আমরা ভারতের বিপক্ষে খেলবো নাকি নেপালের বিপক্ষে খেলবো তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। তাদের আসতে দিন।এধরনের দলের মুখোমুখি হতে আমি বেশ আনন্দিত। কারণ তারা আমাদের পরীক্ষা।’

ভারতের আক্রমণভাগ শক্তিশালী হলেও তাদের দুর্বলতা খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করেছে বাংলাদেশ দল। একই সঙ্গে নিজেদের রক্ষণভাগের ভুলগুলো শুধরে নেয়ার কাজও করেছে বাটলারের শিষ্যরা। এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমও ফিরেছেন দলে। তিনি জানান, গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়াটাই দলের লক্ষ্য।

বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘আমাদের যেমন উইকনেস আছে, তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্যও আছে ইন্ডিয়াকে ব্রেক করার। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ, যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা, তো চেষ্টা থাকবে আমাদের টিমের।’

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এফএস