যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতির শেষ মুহূর্তে বিপাকে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডায় প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প শেষ করে কানসাস সিটিতে দলের বিশ্বকাপ ঘাঁটিতে সরঞ্জাম পাঠানোর সময় ঘটেছে চুরির ঘটনা। স্থানীয় পুলিশ জানিয়েছে, সরঞ্জাম বহনকারী একটি গাড়িতে চোরেরা হামলা চালিয়ে নিয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
শনিবার ইংল্যান্ডের কানসাস সিটিতে পৌঁছে অনুশীলন শুরু করার আগেই সেখানে সরঞ্জাম পৌঁছানোর কথা ছিলো। তবে গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায় নিখোঁজ কিছু গুরুত্বপূর্ন সরঞ্জাম। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল ও খেলোয়াড়দের বুট।
আরও পড়ুন:
কানসাস সিটি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। ঠিক কী পরিমাণ সরঞ্জাম খোয়া গেছে, তা এখনো নিশ্চিত করা হয়নি। এছাড়াও এর আগে একই শহরে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের বাইরে ঘটেছে বন্দুক হামলাও, যেখানে গুরুতর আহত হয়েছিলেন নয়জন।
এদিকে চুরির ঘটনার মাঝেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে থমাস টুখেলের দল। ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে অনুষ্ঠিত অনুশীলনে দেখা গেছে অধিনায়ক হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ডেকলান রাইস, মার্কাস র্যাশফোর্ড ও অন্যান্য ফুটবলারদের। দলীয় বৈঠক, দৌড়, ফিটনেস ড্রিল এবং বল নিয়ে অনুশীলন করেছে থ্রি লায়ন্স। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন ও জেমস ট্র্যাফোর্ডও আলাদা সেশনে প্রস্তুতি চালিয়ে যান।
বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী বুধবার রাত দুইটায় ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনা দলটির প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।




