বিশ্বকাপের ইতিহাসে গোলের সিংহাসনে বসেছে নতুন এক নাম। লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপের মঞ্চে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গিয়ে ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড।
ক্লোসা ২০০২ থেকে ২০১৪ চারটি বিশ্বকাপে খেলেছিলেন ২৪ ম্যাচ। সেই সময়ে করেছিলেন ১৬ গোল। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলদাতাদের একজন হিসেবে।
আরও পড়ুন
তবে সময়ের সঙ্গে পাল্টেছে ইতিহাস। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি এখন পর্যন্ত খেলেছেন রেকর্ড ২৮টি ম্যাচ। ২০১০ বিশ্বকাপ ছাড়া বাকি সব আসরেই গোল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে মাত্র দুই ম্যাচেই করেছেন পাঁচ গোল।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও দুজনের গল্প ভিন্ন। ক্লোসা ২০০৬ বিশ্বকাপে পাঁচ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। পরে ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
অন্যদিকে মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি এনে দিলেও এখনো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা হয়নি তার। তবে চলতি আসরে যেভাবে এগোচ্ছেন, তাতে সেই স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে।
রেকর্ডের খাতা এখন বলছে ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তবে বিশ্বকাপ ইতিহাসে মিরোস্লাভ ক্লোসা এবং মেসি দুজনের নামই থাকবে কিংবদন্তির আসনে।





