মেসি ও বিশ্বকাপকে পুঁজি করে নতুন স্বপ্ন এমএলএসের

এমএলএসের লোগো
এমএলএসের লোগো | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট মেজর লিগ সকারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি, এমনটাই ভাবনা টুর্নামেন্টের কমিশনার ডন গ্যারবারের। মেসি ও ২০২৬ বিশ্বকাপের উন্মাদনাকে পুঁজি করে এমএলএসকে নতুন উচ্চতায় পৌঁছানোর ইচ্ছাও জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি খুলে আবারও ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে ফিরছেন লিওনেল মেসি। এমএলএসের বিশ্বাস, তার প্রত্যাবর্তন লিগের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে।

দুই দশক আগে ডেভিড বেকহ্যাম যখন এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন, তখনই এমএলএসের উত্থানের নতুন অধ্যায় শুরু হয়েছিল বলে জানিয়েছেন ডন গ্যারবার। এমএলএস কমিশনার জানান, বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে মেসির উপস্থিতি সেই প্রভাবকে আরও বহুগুণ বাড়িয়েছে।

এমএলএসের কমিশনার ডন গ্যারবার বলেন, ‘ডেভিড বেকহ্যামকে দলে আনার সিদ্ধান্তই এমএলএসের ইতিহাস বদলে দেয়। লিগ পুনর্গঠনের সময় সমর্থকদের মতামত নিয়ে জানা যায়, তারা বিশ্বমানের তারকাদের খেলতে দেখতে চান। এক্ষেত্রে সবার প্রথম পছন্দ ছিলেন বেকহ্যাম । তাকে সই করানোর মাধ্যমে এমএলএস বিশ্বকে দেখায় যে, এই লিগও বড় মঞ্চ হতে পারে।’

সদ্য সমাপ্ত বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। আসরে ৮ গোলের পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট। ফাইনালে উঠলেও ছোঁয়া হয়নি শিরোপা। গ্যারবারের মতে, মেসির উপস্থিতিই লিগের জন্য বড় অর্জন।

এমএলএসের কমিশনার ডন গ্যারবার বলেন, ‘বহু বছর পর বেকহ্যাম নিজেই ক্লাবের মালিক হন এবং ইন্টার মায়ামি প্রকল্পে লিওনেল মেসিকে যোগ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সিদ্ধান্ত এমএলএসকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা কেউ কল্পনাও করেনি। বিশ্বকাপে মেসির অসাধারণ পারফরম্যান্স এবং এরপর এমএলএসে যোগ দেয়া আমার কাছে অবিশ্বাস্য ছিলো। তার উপস্থিতি লিগের জন্য বড় অর্জন। আর সুখী মেসিই এমএলএসের সবচেয়ে বড় শক্তি।’

নিজ দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপকে এমএলএস নতুন যুগের সূচনা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ফুটবলকে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক আগ্রহকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে সমর্থক সংখ্যা ও লিগের প্রসার ঘটাতে চায় তারা।

জেআর