ফিফার বিশ্বকাপ পরিকল্পনা ঘিরে নতুন বিতর্ক; ইনফান্তিনোকে আইনি নোটিশ উয়েফার

বিশ্বকাপ আর উয়েফার লোগো
বিশ্বকাপ আর উয়েফার লোগো | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেও চাপ কমছে না ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর। বিতর্কিত এ উদ্যোগের পেছনে থাকা নথিপত্র সংরক্ষণের কঠোর নির্দেশ দিয়ে ইনফান্তিনোসহ মার্কিন মূলধনী প্রতিষ্ঠানগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা। কোনো তথ্য বা ডিজিটাল প্রমাণ যেন ধ্বংস করা না হয়, সে বিষয়ে দেয়া হয়েছে চূড়ান্ত হুঁশিয়ারি।

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রির প্রস্তাব- যার নাম দেয়া হয়েছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন বাণিজ্যিক চিন্তাভাবনা শুরুতেই বড় ধাক্কা খায় উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতায়। টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে শেষপর্যন্ত পিছু হটেন ইনফান্তিনো।

তবে প্রস্তাব বাতিল হলেও বিষয়টি এখানেই থামছে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, ফিফা প্রধান, ট্রাম্পের স্বজন জোশুয়া কুশনারের ‘থ্রাইভ ইটার্নাল’ ফান্ড এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান জেপি মরগানকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা।

স্পষ্ট জানানো হয়েছে, এ প্রক্রিয়ার বিরুদ্ধে সালিশি ও আইনি পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে।

সবচেয়ে বড় বিষয়, নোটিশে ফিফাকে সতর্ক করে বলা হয়েছে-এ প্রজেক্ট সংক্রান্ত যে কোনো ই-মেইল, ফাইল বা দলিলাদি যেন অক্ষত রাখা হয়। রুটিন নিয়ম অনুযায়ী কোনো ফাইল ডিলিট বা ধ্বংস করা যাবে না। আর্সেন ওয়েঙ্গারসহ ফিফার শীর্ষ কর্মকর্তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র সংরক্ষণের তাগিদ দিয়ে ৫ কর্মদিবসের মধ্যে লিখিত নিশ্চয়তা চেয়েছে উয়েফা। বিতর্কিত এ ব্যবসায়িক পরিকল্পনার কারণে বিশ্ব ফুটবলে ফিফা সভাপতির ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

একপর্যায়ে পরিকল্পনা থেকে সরে এলেও, উয়েফার আইনি হুঁশিয়ারি ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়িয়ে দিল-যা হয়তো গড়াচ্ছে আদালত পর্যন্ত।

জেআর