ছন্দে আছেন বিগত কয়েক মৌসুম ধরেই। পারফরম্যান্স কিংবা ম্যানেজম্যান্ট. সবদিক থেকে ডুবতে থাকা লেস্টার সিটিতে অনেকটা টাইটানিকের নাবিকের মতো একাই লড়েছিলেন হামজা চৌধুরী। তবে, গত মৌসুমে পয়েন্ট কর্তন আর বাজে ফলাফলের পর ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে নেমে যায় একসময়ের চ্যাম্পিয়ন দলটি। আর এরপর থেকেই হামজা চৌধুরীর ক্লাব ছাড়ার গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বারবার।
এবারে দলবদল মৌসুম শেষের একেবারে শেষ সময়ে হামজাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টি। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের সাংবাদিক মাইক ম্যাকগ্রাথ জানিয়েছেন, ডার্বি এরই মধ্যে বাংলাদেশি এ মিডফিল্ডারকে দলে নেয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। লেস্টারের কাছে প্রস্তাবও পাঠানো হতে পারে খুব শীঘ্রই। ডার্বির স্থানীয় গণমাধ্যম ডার্বিশায়ার লাইভেও জানানো হয়েছে, হামজাকে নিয়ে আগ্রহী দ্য র্যামস।
এর আগে হামজাকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে। দুই ক্লাবের মাঝে আলোচনা শেষ হলেও ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় শেষ পর্যন্ত সরে আসেন হামজা। বর্তমানে ইনজুরির কারণে বাইরে থাকলেও লেস্টারেই সময় পার করছেন বাংলাদেশের নাম্বার এইট।
চলতি ট্রান্সফার মৌসুম শেষ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। সময়ের হিসেবে হাতে আছে আর এক সপ্তাহ। ডার্বির সাদা জার্সিতে হামজাকে দেখা যাবে কি না, সেটার জন্যই এখন অপেক্ষা।





