‘ধারে আসা খেলোয়াড়ের প্রেমে পড়তে নেই।’— ফুটবল দলবদলের জনপ্রিয় এই বাক্যটা দিয়েই শেফিল্ড স্বাগত জানালো স্কোয়াডের নবীন সদস্য হামজা চৌধুরীকে। ধারে খেলতে এসে আগেই বাংলাদেশের নাম্বার এইট জয় করেছিলেন শেফিল্ড ভক্তদের মন। এবারে তাকে পাকাপাকিভাবে নিজেদের করে নিয়েছে দ্য ব্লেডস।
স্কোয়াডের শক্তি বাড়াতে নিজের সাবেক শিষ্যকে কিং পাওয়ার অ্যারেনা থেকে ব্রেমাল লেইনে উড়িয়ে এনেছেন ক্রিস ওয়াইল্ডার। এক বছরের চুক্তিতে শেফিল্ড শহরের লাল দুর্গে যাচ্ছেন হামজা। আগমনী ভিডিওতে জানান দিলেন, এবার থাকতে এসেছেন লম্বা সময়ের জন্য।
এদিকে ২১ বছর পর ঘরের ছেলে হামজাকে বিদায় দিতে গিয়ে বিষণ্ণ লেস্টার সিটির ভক্তরা। ভক্তদের কেউ কেউ তাকে মনে রাখতে চান ক্লাবের ব্যাজের প্রতি তার নিবেদনের কারণে। গোল-অ্যাসিস্টের হিসেবে পিছিয়ে থাকলেও রক্ষণের দেয়াল হিসেবেই হামজাকে স্মরণে রাখতে চান তারা।
কারও কারও কণ্ঠে অবশ্য আক্ষেপও আছে হামজার প্রতিভা পুরোপুরি বিকশিত হয় লেস্টারের জার্সিতে। নতুন যাত্রায় অবশ্য তাকে শুভকামনা জানাতেও কার্পণ্য নেই লেস্টার ভক্তদের।





