১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম: বাফুফে

বাফুফের পতাকা
বাফুফের পতাকা | ছবি: এখন টিভি
0

এবার আর পেছানোর সুযোগ নেই, যথাসময়েই শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। শনিবার গণমাধ্যমে জানিয়েছেন বাফুফের লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন। বিদেশি ফুটবলার বাড়ায় প্রতিযোগিতা বাড়লেও ফিক্সিং ইস্যুতে এবার বেশ সতর্ক ফুটবল ফেডারেশন।

আগস্টে শুরুর কথা থাকলেও এক দফা পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তবে এরইমধ্যে নতুন সূচি অনুযায়ীও লিগ শুরু হবে কি না তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন ক্লাব। কারণ একইসময়ে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে ফিফা আসিয়ান কাপের জন্য। আর জাতীয় দলের ফুটবলারদের ছাড়া লিগে খেলতে চায় না শীর্ষ সারির ক্লাবগুলো।

এমনই দোটানার মধ্যেও যথাসময়ে লিগ শুরুর বিষয়ে বদ্ধপরিকর বাফুফে। শনিবার গণমাধ্যমে লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন জানান, এবার লিগ পেছানোর সুযোগ নেই তাদের সামনে।

লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমাদের তো শিডিউল একটা দিতে হয়, দিছি। এখন আমরা পরবর্তীতে যদি এর কোনো ব্যতিক্রম কোনো ডিসিশন চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের ইসি কমিটি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমরা বসে সিদ্ধান্ত নেবো যে আমাদের জাতীয় টিম... জাতীয় দলকে তো অবশ্যই আমরা সবচাইতে ফাস্টে রাখবো, প্রাধান্য দেবো।

এবার লিগের আগে বিভিন্ন ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন মোট ৪৫ বিদেশি ফুটবলার। মানসম্পন্ন ফুটবলারের পরিমাণ বাড়ায় এবারের লিগে প্রতিদ্বন্দ্বিতা বেশি দেখা যাবে বলে মনে করেন লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন।

জাকির হোসেন বলেন, মোহামেডানও চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্য ভালো টিম করেছে ইতিমধ্যেই আপনারা জানেন। সেক্ষেত্রে বসুন্ধরা পরে করলেও, আবাহনী পরে করলেও, তারা যথেষ্ট ব্যালেন্স প্লেয়ার নিয়েছে। তো আমার মনে হয় এবার লিগটা এবং ফেডারেশন কাপ সবকিছুই একটা গতবারের চাইতে এবার আমার মনে হয় ১৩টা টিম, ৭টা ভেন্যুতে খেলা হবে। আমার মনে হয় খেলাটা এবার আরও প্রতিযোগিতামূলক হবে।

এর আগে অনেকবারই ফিক্সিং ইস্যুতে কলঙ্কিত হয়েছে ঘরোয়া ফুটবল। এবারের লিগে দল বৃদ্ধি সেই শঙ্কায় দিয়েছে বাড়তি হাওয়া। তবে ফিক্সিং ইস্যুতে এবার কোনো ছাড় দেয়া হবে না বলেই জানালেন কো-চেয়ারম্যান।

জাকির হোসেন বলেন, ফিক্সিংয়ের তো কোনো সুযোগই নেই। এটা আমাদের বাফুফের একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগে ফিক্সিংয়ের ব্যাপারে একটা সেমিনারও হয়েছে। এটার কোনো সুযোগই নেই এবং আমরা যদি কেউ এই ধরনের কাজে লিপ্ত থাকে, তাদের আমাদের একেবারে তাকে ক্রাশ করা ছাড়া কোনো পথ থাকবে না।

সব প্রস্তুতি শেষে এবার জাঁকজমকপূর্ণ ঘরোয়া মৌসুমের অপেক্ষায় বাফুফে।

ইএ