ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ নেইমার

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
0

একসঙ্গে পাঁচ প্রাণহানি, আর ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ফেরেননি।

পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের পথে উড্ডয়নের পর গন্তব্যে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে বড় ধরনের উদ্ধার অভিযানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আভেলারকে স্মরণ করেছেন নেইমার।

ব্রাজিলে ফেরার পর বন্ধুর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথা তুলে ধরে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। নেইমারের পরিবার ও নেইমার ইনস্টিটিউটের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন আভেলার। নেইমারের ক্লাব সান্তোসের বিভিন্ন বিপণন কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোসও।

ইএ