প্রথমবারের মতো ১৬ দিনের ইন্টারন্যাশনাল উইন্ডোর শুরুটা খুব একটা ভালো হয়নি ফুটবলারদের জন্য। নিজের প্রথম ম্যাচেই ইনজুরির হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে, কাই হাভার্টজ কিংবা ব্রায়ান ব্রবির মতো ফুটবলাররা। ক্লাব ফুটবল থেকে বেরিয়ে আন্তর্জাতিক সূচির ভিন্ন মাত্রার ট্রেনিং এবং স্বল্প বিরতির মাঝেই অতিরিক্ত ম্যাচের কারণে বিপাকে ফুটবলাররা।
ইনজুরির এই মিছিলে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা ব্রুনো ফার্নান্দেজ এবং প্যাট্রিক ডরগু জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নেশন্স লিগের সবশেষ ম্যাচ। পর্তুগালের কোচ হোর্হে হেসুস অবশ্য জানিয়েছেন ব্রুনো ম্যান ইউনাইটেড থেকেই ইঞ্জুর্ড হয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন আর্সেনালের জার্মান তারকা হাভার্টজ এবং সান্ডারল্যান্ডের ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি।
ম্যান ইউনাইটেডের মতো জোড়া দুঃসংবাদ ভোগ করতে হচ্ছে লিভারপুলকেও। নেদারল্যান্ডসের উইঙ্গার কোডি গাকপো ইনজুরিতে পড়েছেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। আর রোমানিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়তে হয়েছিল সুইডেনের স্ট্রাইকার আলেকসান্দার ইসাককে। চলতি মৌসুমে এই দুই তারকার কাছ থেকেই সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট পেয়েছে অলরেডরা। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা ভর করেছে ক্লাবটিতে।
রিয়াল মাদ্রিদও এবারের বিরতিতে ভুগবে কিলিয়ান এমবাপ্পের কারণে। লা লিগায় দলটির হয়ে সর্বোচ্চ গোলদাতা এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। নিজের প্রথম ম্যাচেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তিনি। আর বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা ভুগছেন মাংসপেশির ইনজুরিতে।





