আবারো ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ইনফান্তিনো!

ইনফান্তিনো
ইনফান্তিনো | ছবি: সংগৃহীত
0

নানা নাটকীয়তার পর আবারো ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো নির্বাচিত হওয়া পথে অনেকটাই এগিয়ে। তাকে চ্যালেঞ্জ জানানোর মতো সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী-উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি বিশ্ব ফুটবলের শীর্ষ পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ সংস্থায় থেকে যাওয়ার এই ঘোষণার পর বিশ্ব ফুটবলের রাজনীতির সমীকরণ এখন ইনফান্তিনোর দিকে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে সম্প্রতি ইউরোপ, এশিয়া ও আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ফলে মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে তার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার গুঞ্জন ওঠে।

তবে সেই সমীকরণ বদলে গেছে দুই প্রভাবশালী ফুটবল পরিচালকের সাম্প্রতিক সিদ্ধান্তে। ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন পূর্বে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও, সিদ্ধান্ত বদলে উয়েফাতেই চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনের কথা জানিয়েছেন। পরোক্ষভাবে তিনি স্পষ্ট করেছেন, ফিফা নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি থাকছেন না।

আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘ফুটবল বিক্রির জন্য নয়— উয়েফা বহু বছর ধরে এই বার্তা বহন করে আসছে। আমাদের ঐক্য ও সুশাসন ফিরিয়ে আনাই এখন মূল কাজ।’

সেফেরিনের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার সংস্থা-কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানিও সরে দাঁড়িয়েছেন ফিফা নির্বাচনের মাঠ থেকে। তিনিও নিজ সংস্থায় শেষ মেয়াদের জন্য লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:

ফলে শক্তিশালী কোনো বিকল্প প্রার্থী না থাকায় ১৮ নভেম্বরের ডেডলাইনের আগে বিরোধী জোটের সামনে নতুন ঐকমত্যের প্রার্থী খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ।

বিরোধী জোটের এই অনিশ্চয়তার সুযোগে নিজের অবস্থান আরও মজবুত করেছেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বার্ষিক সম্মেলনে, ক্যাফ সভাপতি প্যাট্রিস মোটসেপে প্রকাশ্যে তাকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন এবং পুরো হল রুম ইনফান্তিনোকে দাঁড়িয়ে করোতালি দিয়ে সম্মান জানায়।

প্যাট্রিস মোটসেপে বলেন, ‘প্রতিটি যাত্রায় নানা প্রশ্ন বা উদ্বেগ তৈরি হতেই পারে। আমাদের কাজ আলোচনার মাধ্যমে খোলামনে সেগুলোর সমাধান করা, যেন আমরা আরও ভালো প্রশাসনিক ব্যবস্থা উপহার দিতে পারি।’

ফিফা সংস্কারে উয়েফা ১৪ দফার প্রস্তাব আনলেও, রাজনৈতিক হিসাব-নিকাশে আফ্রিকা ও অন্যান্য মহাদেশের জোরালো সমর্থনে, ইনফান্তিনোর চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার পথটা যে এখন অনেকটাই পরিস্কার তা বলাই যায়।

এসএইচ