মেসিহীন আর্জেন্টিনা, বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে এএফএ

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

লিওনেল মেসির অবসরে মাঠের পাশাপাশি বাইরেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিজ্ঞাপনী আকর্ষণের পাশাপাশি কমতে পারে জার্সি বিক্রি, ম্যাচ টিকিটের চাহিদা, এমনকি আন্তর্জাতিক সম্প্রচারের বাণিজ্যিক মূল্য। দর্শক, স্পন্সর ও সম্প্রচারকদের আগ্রহ ধরে রাখাই এখন এএফএর মূল চ্যালেঞ্জ।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে প্রাণভোমরা হয়ে থাকা মেসিকে হারিয়ে এমনিতেই দল হিসেবে অপূরণীয় ক্ষতির সামনে আর্জেন্টিনা। সেই সঙ্গে আর্থিক দিক থেকেও বড় অঙ্কের ধাক্কা খেতে পারে দেশটি।

২০১৭ সালেও মাত্র ছয়টি স্পন্সর থাকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বর্তমানে বিশ্বজুড়ে যুক্ত ১২০টি ব্র্যান্ড। দ্য টাইমসের তথ্যমতে, এসব স্পন্সর থেকে সংস্থাটির বার্ষিক বাণিজ্যিক আয় প্রায় ১৫ কোটি ডলার। এএফএর আয়ের অর্ধেকের বেশি আসে বিজ্ঞাপন ও বিপণন থেকে।

বিশ্বজুড়ে ফেডারেশনটির শতাধিক ব্র্যান্ডের আগ্রহের কেন্দ্রে থাকার পেছনে প্রধান অনুঘটক ছিলেন মেসি। ফলে তার বিদায়ে কমতে পারে বিজ্ঞাপনী আকর্ষণ, জার্সি বিক্রি, ম্যাচ টিকিটের চাহিদা, এমনকি আন্তর্জাতিক সম্প্রচারের বাণিজ্যিক মূল্যও।

এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। বুয়েনস এইরেসের সেই ম্যাচ ঘিরে ছিলো উপচে পড়া উন্মাদনা। কয়েক মিনিটেই বিক্রি হয়ে যায় ৮৫ হাজার টিকিটের সবগুলো। আর্জেন্টাইন ফোর্বসের হিসেবে, শুধু টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার। টেলিভিশন সম্প্রচারেও ছিল ব্যাপক দর্শক সাড়া।

সবমিলিয়ে মেসির বিদায়ে আগের মতো দর্শক, স্পন্সর ও সম্প্রচারকদের আগ্রহ ধরে রাখা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য মূল চ্যালেঞ্জ। একদিকে মাঠে যেমন মেসির শূন্যতা পূরণ করা অসম্ভব, অন্যদিকে মাঠের বাইরের অর্থনৈতিক প্রভাব সামলানোও হবে আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা।

জেআর