মাও সে তুংকে নিয়ে মন্তব্য, চীনে স্পন্সরশিপ হারালেন এমবাপ্পে

বিজ্ঞাপণ চিত্রে এমবাপ্পে
বিজ্ঞাপণ চিত্রে এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

চীন প্রজাতন্ত্রের স্থপতি মাও সে তুংকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে চরম বিতর্কের মুখে পড়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। চীনে তুমুল জনপ্রিয় এমবাপ্পে বিতর্কিত এই মন্তব্যের জেরে স্পন্সরশিপ হারিয়েছেন তিনটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

ঘটনার সূত্রপাত, দিন কয়েক আগে, দ্য ব্রিজ নামের এক অনলাইন অনুষ্ঠানে নিজের একটি ফানি মীম প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মাও সে তুঙকে চীনা স্বৈরাচারী বলে উল্লেখ করেন কিলিয়ান এমবাপ্পে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চীনে শুরু হয় তীব্র সমালোচনা।

কেবল সমালোচনায় শেষ হয়নি, এই ঘটনার জেরে চীনে জনপ্রিয় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রাতারাতি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।

চীনের জনগণের অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে, ইলেকট্রোলাইট ড্রিংক প্রস্তুতকারক ডংপেং, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী মেংনিউ, এবং মিল্কগ্রাউন্ড একযোগে এমবাপ্পের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে চীনা সোশ্যাল মিডিয়া উইবো’তে এমবাপ্পেকে বয়কটের ট্রেন্ড শীর্ষস্থান দখল করে।

চীনের বিজ্ঞাপনী বাজার থেকে এমন ধাক্কা খাওয়ার পর মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন এমবাপ্পে। তার করা মন্তব্যটি ভুল ছিলো এবং চীনা সম্প্রদায় তার কথায় আঘাত পেয়েছেন বলে স্বীকার করেন তিনি। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিলো না জানিয়ে চীনা জনগণের ইতিহাস ও সংস্কৃতির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও জানান তিনি।

শুধু এমবাপ্পেই নয় চীনা নাগরিক ও সেখানকার প্রতিষ্ঠানগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন স্পেনের ফুটবল লিগ, লা লি গার সভাপতি হাবিয়ের তেবাস।

চীনা ফুটবলে এমবাপ্পের ব্যাপক জনপ্রিয়তা ও বিশাল বাণিজ্যিক বাজার থাকা সত্ত্বেও, ইতিহাস ও জাতীয় ব্যক্তিত্বকে নিয়ে করা অপ্রীতিকর মন্তব্য কীভাবে রাতারাতি একজন বিশ্বতারকার ভাবমূর্তি ও বাণিজ্যিক সাম্রাজ্যকে সংকটে ফেলতে পারে- এমবাপ্পের এই ঘটনাই তা আরেকবার প্রমাণ করলো।

জেআর