কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশের জুডোকারা ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক জয় করেন। এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বিকেএসপির কৃতি জুডোকা আজিজা আলেয়া লিয়ন, উসাচিং মারমা বিজয় এবং রেমি হাসির এই গৌরবোজ্জ্বল অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক এই আসরে নেপাল ও ভুটানের ৩০০ জন প্রতিযোগীর মধ্যে আমাদের অ্যাথলেটদের এই বিজয় অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি পদকজয়ী সব খেলোয়াড়, কোচ এবং বিকেএসপি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি এবং বিকেএসপির সঠিক নির্দেশনার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা নিয়মিত সাফল্য বয়ে আনছে।’
তিনি আশা প্রকাশ করেন, এই তরুণ জুডোকারা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এ আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।





