শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— শৈলজুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ স্থানীয় পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং সৌরভ তার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই ভাই পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাদের খুঁজে পেয়ে দ্রুত উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।’

জেআর